হিজলা প্রতিনিধি ॥ বরিশাল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান বলেছেন, হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে এই অঞ্চলকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে আয়োজিত ধারাবাহিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের সমর্থন পেলে তিনি এই বঞ্চনার অবসান ঘটাবেন।
রাজিব আহসান বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকা থেকে ‘অবহেলিত’ শব্দটি চিরতরে মুছে দেবো।” তার ভাষায়, হিজলা ও মেহেন্দিগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা জরুরি।
তিনি জানান, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে হিজলাকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের প্রাণের দাবি কাজিরহাটকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার জন্য সংশ্লিষ্ট মহলে জোরালো ভূমিকা পালন করবেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন। এছাড়া উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকন, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাওয়ানুর চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বৈঠকে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নের একাধিক স্থানে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাজিব আহসান বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
