ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনকে ঘিরে আর্থিক লেনদেনের অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় বলা হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যক্তি হিসাব সীমিত থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএসে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। একই সঙ্গে এক দিনে সর্বোচ্চ ১০ বারের বেশি লেনদেন করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানায়, এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তরের অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে কোনো পরিবর্তন আসবে না। তবে এই সময়ের মধ্যে অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
বর্তমানে এমএফএস গ্রাহকরা দিনে ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারলেও নির্বাচনকালীন সময়ে সেই সুবিধা স্থগিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনকে সামনে রেখে এমএফএস প্রোভাইডারদের জন্য আরও কিছু নির্দেশনা দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। পাশাপাশি সব লেনদেন সার্বক্ষণিক ক্লোজ মনিটরিংয়ের আওতায় রাখতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এই ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং বা আইবিএফটির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
