ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে বিরোধী দল থেকে চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে বিরোধী দলের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এছাড়া বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংসদে কার্যকর বিরোধী ভূমিকা নিশ্চিত করতে সমন্বিত নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদে বিরোধী দলের নেতৃত্ব নির্ধারণ হওয়ায় সংসদীয় কার্যক্রম দ্রুত গতিশীল হবে এবং সরকার-বিরোধী দলীয় সম্পর্কের একটি কাঠামো স্পষ্ট হবে।
