ডেস্ক রিপোর্ট ॥ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে সেখানে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে অনুষ্ঠিত এ সফরে তিনি আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসাধীন যোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী এসব যোদ্ধার সাহস জাতির জন্য অনুপ্রেরণা। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান।
সাক্ষাৎকালে আহত জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তবায়ন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো বাস্তবায়নে নেতৃত্বের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
ডা. শফিকুর রহমানের সফরে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানও উপস্থিত ছিলেন। সফরটি আহত যোদ্ধাদের মাঝে নতুন আশা ও সাহস জুগিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
