ডেস্ক রিপোর্ট ॥ হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সংকট দেশের সামগ্রিক জনসেবা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতাল হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ দেখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না, ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবে।
শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, কিন্তু সরকার তা স্বীকার করতে চায় না। তার মতে, বাস্তব পরিস্থিতি অস্বীকার করলে সমস্যার সমাধান সম্ভব নয় বরং তা আরও জটিল হয়।
তিনি আরও বলেন, অতীত সরকারের ভুল নীতি ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। এসব খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন না হলে সাধারণ মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
শরীয়তপুর উপজেলা হাসপাতালের ঘটনায় তিনি দ্রুত ও সঠিক তদন্তের দাবি জানান। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিরোধী দল রাষ্ট্রীয় উন্নয়ন ও জনস্বার্থের পক্ষে সরকারের সঙ্গে কাজ করবে, তবে অন্যায় হলে তার বিরুদ্ধে অবস্থান নেবে।
তার মতে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি, নইলে পুরো চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়বে।
