নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে এবং শান্তি-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করে পাক পাঞ্জাতন পরিষদ।
শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা বহন করে অংশগ্রহণকারীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পুরো কর্মসূচিতে শোক, ত্যাগ ও মানবতার চেতনাকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় স্লোগান উচ্চারিত হয়।
আয়োজকরা জানান, কারবালার সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোই এই মিছিলের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াও তাদের অন্যতম লক্ষ্য। তারা বলেন, বিভেদ নয়, মুসলিম উম্মাহর ঐক্যই হওয়া উচিত সবার প্রধান পরিচয়।
আশুরা উপলক্ষে সন্ধ্যায় দোয়া, মোনাজাত ও আশুরা মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে কারবালার ত্যাগ, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এবং ইসলামের মানবিক আদর্শ নিয়ে আলোচনা করা হবে।
মিছিলকে কেন্দ্র করে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। র্যাব, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, আশুরার শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের পথে অনুপ্রাণিত করে। সেই চেতনাকে ধারণ করেই প্রতি বছর এই কর্মসূচির আয়োজন করা হয়।
