স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির নামের পাশে প্রতিদিনই যেন যুক্ত হচ্ছে নতুন নতুন ইতিহাস। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে না থেকেও বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
টেক্সাসের আর্লিংটন ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন বেঞ্চে বসে থাকা মেসি। আর্জেন্টিনা আগেই নকআউট নিশ্চিত করায় কোচ লিওনেল স্কালোনি তাকে বিশ্রাম দেন। তবুও ৭০ হাজার ৬৪৯ দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কখন মাঠে নামবেন তাদের প্রিয় ফুটবলার।
ম্যাচের প্রথমার্ধেই জিওভানি লো সেলসো এবং লাউতারো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। লাউতারোর গোলটি আসে পেনাল্টি থেকে। তবে দ্বিতীয়ার্ধে মাউসা আল-তামারি গোল করে জর্ডানের হয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েন এবং ব্যবধান কমিয়ে আনেন।
৬০ মিনিটে মেসি মাঠে নামতেই পুরো স্টেডিয়ামে অন্যরকম আবহ তৈরি হয়। অধিনায়কত্বের আর্মব্যান্ড তার হাতে তুলে দেন নিকোলাস ওতামেন্দি। এরপর প্রতিটি স্পর্শে দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গ্যালারি।
ম্যাচের ৮০ মিনিটে আর্জেন্টিনা ফ্রি-কিক পায়। বলের পেছনে দাঁড়িয়ে থাকা মেসির দিকে তখন সবার দৃষ্টি। নিখুঁত বাঁকানো শটে জর্ডানের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। বদলি হিসেবে নেমে এমন অনবদ্য গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন ফুটবল জাদুকর।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন মেসি। এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন ফ্রান্সের জুস ফঁতে এবং ব্রাজিলের জাইরজিনহো। বহু দশক অক্ষুণ্ন থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করে গ্রুপ পর্বেই ৬ গোল করেছেন মেসি। এর আগে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি করে এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে টানা সাত ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন মেসি।
এদিকে ৪৮ দলের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো শতভাগ জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনার সঙ্গে নকআউটে উঠেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এখন সমর্থকদের অপেক্ষা, নকআউট পর্বেও মেসির জাদু অব্যাহত থাকে কি না।
