নিজস্ব প্রতিবেদক ॥ ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ হলেও বর্তমান বাস্তবতায় ‘মিস ইনফরমেশন’ ও ‘ডিস ইনফরমেশন’ সাংবাদিকতার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত সাংবাদিক কল্যাণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের জীবনমান, পেশাগত নিরাপত্তা, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম মালিকদের সম্পর্ক, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সরকারের দায়িত্ব নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার ভাষায়, এখন মূল বিষয় হলো একজন যোগ্য ও পেশাদার সাংবাদিক সম্মান ও মর্যাদার সঙ্গে এই পেশায় টিকে থাকতে পারবেন কি না।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তথ্যমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি বরিশাল বিভাগের স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা, শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
