বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জন্মের পরপরই ঘটে যায় এক বিরল ঘটনা। হাসপাতালের এক নার্সের ভুলে তিনি অন্য এক পরিবারের নবজাতকের সঙ্গে অদলবদল হয়ে যান। তবে তার মা কৃষ্ণা মুখার্জির সতর্কতার কারণে শেষ পর্যন্ত প্রকৃত পরিবারে ফিরে আসেন এই জনপ্রিয় অভিনেত্রী।
১৯৭৮ সালের ২১ মার্চ জন্ম নেওয়া রানি মুখার্জি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির কন্যা। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাসপাতালের এক নার্স ভুলবশত তাকে একটি পাঞ্জাবি দম্পতির কাছে দিয়ে দেন।
রানির মা নবজাতককে দেখেই সন্দেহ করেন। শিশুটির চোখের রং দেখে তিনি বুঝতে পারেন, এটি তার সন্তান নয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে পাঞ্জাবি দম্পতির কাছ থেকে রানিকে উদ্ধার করে দুই নবজাতককে তাদের প্রকৃত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
রানি বলেন, এই ঘটনাটি পরবর্তী সময়ে তাদের পরিবারের হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। আত্মীয়স্বজন প্রায়ই মজা করে বলতেন, তিনি ভুল করে মুখার্জি পরিবারে বড় হয়েছেন।
ব্যক্তিগত জীবনে রানি মুখার্জি ২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আদিত্য চোপড়াকে ইতালিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আদিরা। জন্মের সেই অদলবদলের ঘটনাটি আজও তার জীবনের সবচেয়ে বিস্ময়কর স্মৃতিগুলোর একটি হিসেবে আলোচিত।
