স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দের সঙ্গে ইতিহাসও গড়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা ১২ বিশ্বকাপ ম্যাচে অন্তত দুটি করে গোল করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এর মধ্য দিয়ে উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে আলবিসেলেস্তেরা।
রেকর্ড গড়ার যাত্রা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপে। ২০২২ সালের ২৬ নভেম্বর গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু হয় আর্জেন্টিনার ধারাবাহিক গোল উৎসব। এরপর পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষেও প্রতিটি ম্যাচে অন্তত দুটি গোল করে দলটি।
চলতি বিশ্বকাপেও একই ছন্দ ধরে রেখেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২, মিসরকে ৩-২ এবং সর্বশেষ সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বরেকর্ড নিজেদের করে নেয়।
এর আগে উরুগুয়ে ১৯৩০, ১৯৫০ ও ১৯৫৪ বিশ্বকাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে অন্তত দুটি গোল করার কীর্তি গড়েছিল। ১৯৩০ সালে রোমানিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হওয়া সেই ধারায় যুগোস্লাভিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, স্পেন, সুইডেন, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও তারা অন্তত দুটি করে গোল করেছিল। তবে ১৯৫৪ সালের ৩০ জুন সেমিফাইনালে হাঙ্গেরির কাছে ৪-২ গোলে পরাজয়ের মধ্য দিয়ে সেই রেকর্ডযাত্রার ইতি ঘটে।
