স্পোর্টস ডেস্ক ॥ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে স্পষ্ট ধারণা মিলেছে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না আর্জেন্টিনার অধিনায়ক। তবে আর কোনো বিশ্বকাপে তাকে দেখা যাবে না বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে একটি সফল ট্রানজিশন নিশ্চিত করতে আরও কয়েক মাস খেলা চালিয়ে যাবেন মেসি। এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।
মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিইন স্পোর্টসের তথ্য অনুযায়ী, তার সম্মানে একটি জমকালো বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে রাজকীয় বিদায় জানানো হবে।
২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মেসি। পুরো টুর্নামেন্টে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, মেসির জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা থাকবে।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু প্রতিকূলতা অতিক্রম করেছেন মেসি। টানা কয়েকটি ফাইনালে হারার হতাশা কাটিয়ে তার নেতৃত্বেই আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ, ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা জিতে এবং ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে পৌঁছে। ফলে আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায় বিশ্ব ফুটবলের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।
