ডেস্ক রিপোর্ট ॥ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারিতে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২-৩টি মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস) হবে।
জানুয়ারিতে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত আরও তীব্র অনুভূত হবে।
আবহাওয়া অফিস নিশ্চিত করেছে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হবে না। প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে। দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিমি এবং সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকবে।
অতএব সাধারণ মানুষ শীতের জন্য প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা হঠাৎ কমতে পারে। আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, আবহাওয়ার পরিস্থিতি মনিটর করতে ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
