ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদার-কে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার দায়ে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি হিসেবে তার বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে তিনি বরিশাল সিটি করপোরেশন-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রুম্পা সিকদার ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ৩০২টি ঘর নির্মাণের জন্য সরকারি বরাদ্দ পান।
এর মধ্যে মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. নজরুল ইসলামের সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বরাদ্দপ্রাপ্ত ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘর নির্মাণই হয়নি।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনির্মিত ঘরগুলো নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে বরিশালের বিভাগীয় কমিশনারের নির্দেশে ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে এবং পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেন তিনি।
সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রুম্পা সিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
