ডেস্ক রিপোর্ট ॥ দেশের স্বর্ণবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৫ বার কমানো হয়েছে।
সর্বশেষ বুধবার (১০ জুন) সকালে বাজুস নতুন দামের ঘোষণা দেয়। এতে ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকেই কার্যকর হয়।
নতুন কাঠামো অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৬ জুন সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
২০২৫ সালে স্বর্ণবাজারে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল। এই ধারাবাহিক ওঠানামা বাজারে অনিশ্চয়তা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের কারণে স্বর্ণের দামে এই ঘনঘন সমন্বয় ঘটছে, যা ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর প্রভাব ফেলছে।
