স্পোর্টস ডেস্ক ॥ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। একই ম্যাচে গোল করে তিনি স্পর্শ করেছেন ৬০ বছরের পুরোনো এক রেকর্ডও।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। ম্যাচের পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতলেও সহকারী রেফারির অফসাইডের পতাকায় সেই গোল বাতিল হয়।
তবে হতাশ হননি আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে কয়েকজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত গোল করেন তিনি। এই গোলেই আর্জেন্টিনা প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪। এর মধ্যে পাঁচটি গোল এসেছে বক্সের বাইরে থেকে। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা জানিয়েছে, ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচ গোল করার কীর্তি কেবল মেসি ও ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর রয়েছে।
আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন মেসি। ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন তিনি। ঠিক ২০ বছর পর একই ১৬ জুনে আলজেরিয়ার বিপক্ষে গোল করে আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডও নিজের করে নিলেন।
এ ছাড়া আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তিও স্পর্শ করেছেন মেসি।
