স্পোর্টস ডেস্ক ॥ স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে শুধু লিওনেল মেসি কিংবা লামিন ইয়ামাল নন, ম্যাচ পরিচালনায় দায়িত্ব পাওয়া রেফারিং দলও রয়েছে আলোচনায়। সাতটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ১০ সদস্যের এই বহুজাতিক রেফারিং প্যানেলের নেতৃত্ব দেবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।
বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব ভিনচিচের হাতে তুলে দেওয়াকে অনেকেই বিস্ময়কর হিসেবে দেখছেন। কারণ চলতি মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলে তার কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে এদুয়ার্দো কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। এছাড়া উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনের সঙ্গে একই দেশের নাগরিক হওয়ায় বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।
মূল রেফারির দুই সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ ও পঞ্চম কর্মকর্তা থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং মোহাম্মদ আলকালাফ।
ডালাসে অবস্থিত ভিএআর কক্ষে প্রধান দায়িত্বে থাকবেন জার্মানির বাস্টিয়ান ড্যাঙ্কার্ট। সহকারী ভিএআর হিসেবে থাকবেন কলম্বিয়ার নিকোলাস গায়ো। বিকল্প ভিএআর হিসেবে দায়িত্ব পালন করবেন কাতারের খামিস আল মারি। বিকল্প সহকারী ভিএআর হিসেবে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান এবং মেক্সিকোর গিয়ের্মো পাচেকো।
এই রেফারিং প্যানেলের একমাত্র নারী কর্মকর্তা তাতিয়ানা গুজমান। বিশ্বকাপের ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই বহুজাতিক রেফারিং দলের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
